কেমন আছিস মুনিয়া

কেমন আছিস  মুনিয়া
 বর্ষা এলেই তোর কথা মনে পড়ে,
 পাথর ভাঙ্গা সেই দিনের কথা-
 প্রখর রৌদ্রে তুই দিব্যি কাজ করতে পারতিস বৃষ্টি এলেই তোর সর্দি কাশি হাঁচি।
 সেদিন বৃষ্টিতে ভিজে, কাক হয়ে-
 তুই গিয়ে বসেছিলি
 ঠিকাদার চামচার টিনের  আড়া ঘরে।
  বৃষ্টি থামলে আর তোকে খুঁজে পাইনা।
 কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে।
 করিম চাচা দৌড়ে যায়-
               ইট ভাটার কাছে।
 কুকুরটি শুঁকতে থাকে তোর দু পায়ের ফাঁক!
 চোখ বন্ধ, শুধু বুকটা ওঠানামা করছে-
 মনে হয়েছিল আর কোনদিন জাগবি না রে!
 করিম চাচার পিঠে চড়ে গিয়েছিলে
            প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে,
 বেঁচে গেছিস জানি -
তাকে কি আর বাঁচা বলে।
 আমি এখন পরিযায়ী তকমা পেয়ে দিব্যি আছি।
 আমাদের আর এর বেশি পাওয়ার কি আছে বল
 তোর যুবতী বছরগুলো কি কেউ ফিরিয়ে দিতে পারবে?
 কুকুরকে মানুষ ঘৃণা করে
 আজও কুকুর দেখলে আমার দুই হাত অটোমেটিক জড়ো হয়ে যায়।

Cartoon by Marcin Bondarowicz/Poland.

##          ##               ##

Comments

Popular posts from this blog

শিলচর মেডিকেল কলেজ