আমি চাই
আমি চাই
আদিমা মজুমদার
আমার আবার বিশেষ কিছু চাওয়ার নেই
মজ্জাগত হয়ে গেছে রান্নাঘর
নেই নির্মলেন্দু গুণ বা শুভংকর চন্দের মতো হাত পাখা নিয়ে বাতাস খাবার আহলাদ বা
ক্লারা জেটকিন পড়া।
আমি চাই,ব্রা এর হুকটা লাগাতে পেছন দিক থেকে কেউ হাতটা ধরুক
বলুক, 'এখনো ঝুলে যায়নি।
শাড়িটা পরার সময় কুচিটা ধরে
হেলপার মেয়েকে চিৎকার দিয়ে বলুক
এ্যাই একটা ফোটো তুলে দে
সঙ্গে সঙ্গে ফেসবুক স্ট্যাটাস আপ্লোড হোক।
মধ্যরাতে কেউ জড়িয়ে ধরে ঘুম ভাঙাক
এরে তেরে না করে নাম ধরে কেউ ডাকুক।
একবার অন্তত জিজ্ঞেস করুক-
সাওয়াব ছেড়ে বাথরুমে কাঁদছিলে কেন
তোমার কিসের এতো দুঃখ!
ভালো না বাসুক,চুল ধরে বলুক
ক...ত... দি...ন সেম্পু করোনি
ডান হাতের আঙুল টিপতে টিপতে
মুখ দিয়ে বেরিয়ে আসুক, আঙুলগুলো
এরকম হলুদ ছিলো নাতো।
ফ্রিজ থেকে মাছটা বের করুক
জলের বোতলটা ভরুক,করুক
কিছু বে কাম।
রেগে গেলে চুলের মুটি না ধরে
বুকে চেপে ধরে, চোখে চোখ রেখে বলুক
"তুমি না আমার জান"
জ্যোতস্না রাতে
ছাদ থেকে ফোন করুক, তাড়াতাড়ি এসো
কি ভয়ানক উল্কাপতন দেখবে,
এসো, তাকাও, ঝড়ের পর আকাশটা ভয়ংকর সুন্দর লাগছে।...
আজ দুপুরে শুটকি পোড়া পান্তা ভাত খাবো,
দিঘিতে সাঁতার কাটবো, তোমার ব্লাউজ ছাড়া গতর দেখবো , আর রাত করে বাড়ি ফিরবো না।
লক্ষী সোনা আমার,
তোমায় নিয়ে বরম বাবার মেলায় যাবো।
গাঁজা টেনে দুজনে উদ্দাম নৃত্য করবো।
ভালোবাসার কি দরকার
এতোটুকু যথেষ্ট।
Comments
Post a Comment